দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল-এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার সম্প্রতি এক বৃহৎ পরিবেশক সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০০ জন পরিবেশক অংশ নেন। সম্মেলনটি ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও পরিকল্পনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা ও দিকনির্দেশনার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
এবারের সম্মেলনে, বিক্রয় কার্যক্রমে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৩ জন সেরা পরিবেশককে ‘সমতার চেয়ার’-এ বসিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা পরিবেশকদের নিরলস পরিশ্রম ও সাফল্যের প্রতি আরএফএল কর্তৃপক্ষের শ্রদ্ধাবোধের প্রতিফলন।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল তার বক্তব্যে পরিবেশকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাদের পরিবেশকরাই ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাদের পণ্যকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আরএফএল গ্রুপ সবসময় পরিবেশকদের পাশে থেকে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আরএন পাল আরও যোগ করেন, ‘আমরা কেবল পণ্য বিক্রি করতে চাই না, আমরা একটি টেকসই ব্যবসায়িক পরিবার গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকে সমান মর্যাদা ও সুযোগ পাবে।’ তার এই বক্তব্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিবেশকদের প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরে।
সম্মেলনে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম এবং আরএফএল হাউজওয়্যার-এর হেড অব মার্কেটিং মো. ইসফাকুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে আরএফএল হাউজওয়্যার তার পরিবেশকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্যের পথ সুগম করার বার্তা দিয়েছে।
রিপোর্টারের নাম 





















