রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানের জেনারেটর কক্ষ থেকে মো. বিজয় (১৭) নামের এক কিশোর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনদিন ধরে নিখোঁজ থাকার পর গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ এবং এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বিজয় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে পরিবার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ভবনের পাশে অবস্থিত সলিম ইন্ডাস্ট্রিজের পেছনের জেনারেটর রুমের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. বাদল গোমস্তা জানান, উদ্ধারকৃত লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বিজয়কে হত্যা করে লাশ ওই কক্ষে ফেলে রাখা হয়েছিল। নিহত কিশোর মো. বিজয় ওই কারখানায় ক্লিনারের কাজ করতেন।
বিজয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। কর্মসূত্রে তিনি পরিবারের সঙ্গে মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, কাজ শেষে বিজয় বাসায় না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে থানায় জিডি করেন। তারা একই প্রতিষ্ঠানের পিয়ন রাজুকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত রাজুকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার নেপথ্যের কারণ, অভিযুক্তের সম্পৃক্ততা এবং অন্য কারো জড়িত থাকার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 





















