আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ব্যালট পেপার বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুদিনে দেশের ২১টি জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে আসনভিত্তিক প্রার্থী ও প্রতীক সংবলিত ব্যালট পেপার পাঠানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার (১ ফেব্রুয়ারি) প্রথম ধাপে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়। জেলাগুলো হলো— মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
এরপর সোমবার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপে আরও আটটি জেলায় ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। এই জেলাগুলো হচ্ছে— হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং বরগুনা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ধাপে ধাপে এসব ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট জেলায় পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সুরক্ষিত রাখা হবে এবং ভোটের আগের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
কমিশন আরও জানিয়েছে, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিপুল সংখ্যক ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
রিপোর্টারের নাম 





















