পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান মুসলিম বিশ্বে শান্তি, ঐক্য, সংহতি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাতের আহ্বান জানিয়েছেন। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, শাবান মাসের মহিমান্বিত এ রাতে তিনি বাংলাদেশসহ বিশ্বজুড়ে সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি উল্লেখ করেন যে, শবে বরাত অর্থ মুক্তি বা নাজাত এবং এই রাতের গুরুত্ব অপরিসীম। এই রজনীতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন, যা এই রাতের ফজিলত ও মর্যাদাকে বৃদ্ধি করে। এই পবিত্র রাত আসন্ন রমজানের আগমনী বার্তাও বহন করে।
তিনি আরও বলেন, এই মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত যা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের সহায়ক। শবে বরাতের তাৎপর্য হলো নাজাত লাভ, যেখানে বিশ্বাসী মুসলমানরা সকল প্রকার অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহ অনুগ্রহপ্রার্থীদের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করেন।
বিএনপি চেয়ারপার্সন দেশবাসীকে সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই মহিমান্বিত রাতের প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে কবুল হবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করার ওপর গুরুত্ব আরোপ করেন। পবিত্র শবে বরাতের এই রজনীতে তিনি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।
রিপোর্টারের নাম 
























