কয়েকদিনের বিরতির পর দেশে আবারও শীতের তীব্রতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে দেশের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার ওঠানামা দেখা যাবে। কখনো তাপমাত্রা হ্রাস পাবে, কখনো অপরিবর্তিত থাকবে, আবার কখনো সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এই পুরো সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। একইসাথে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (০১ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রিপোর্টারের নাম 

























