ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, জনগণের পছন্দই গণতন্ত্রের মূল ভিত্তি এবং এর কাছে প্রচলিত রাজনীতির সব হিসাব অচল হয়ে পড়বে। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি ‘পরিবর্তন আসবেই’ ঘোষণা দিয়ে তার ‘ম্যাজিক সংখ্যা ৫’ কৌশলকে সফল করার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান। তার মতে, অর্থ, উচ্চ শব্দের মাইকিং বা অবৈধ পোস্টার নয়, আন্তরিক আলাপচারিতাই পারে জনগণের রায় পাল্টে দিতে।
ডা. জারা তার পোস্টে উল্লেখ করেন, তার ‘ম্যাজিক সংখ্যা ৫’ কৌশল সফল হলে পুরনো রাজনৈতিক সমীকরণ আর খাটবে না। তিনি বলেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষীরা যেভাবে পাঁচজন করে আপনজনের সঙ্গে কথা বলছেন, তাতে পুরাতন রাজনীতির হিসাব আর মিলবে না।’ গণতন্ত্রের মূল কথাই যে জনগণের পছন্দ, তা কাঁড়ি কাঁড়ি টাকা, উচ্চ শব্দের মাইকিং কিংবা অবৈধ রঙিন পোস্টার দিয়ে প্রভাবিত করা যায় না। এ কারণেই তারা এসবের পরিবর্তে সরাসরি ও আন্তরিক আলাপচারিতাকে বেছে নিয়েছেন।
নির্বাচনের আগে শুক্র ও শনিবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, ভোটের আগে মাত্র চারটি ছুটির দিনের মধ্যে এই দুদিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, এই দুই দিনের মধ্যে মাত্র ৩০ মিনিট সময় বের করে প্রিয়জনদের সঙ্গে তাদের বার্তা পৌঁছে দিতে।
প্রতীকের ভুল ধারণা নিয়েও তিনি সতর্ক করেন। ডা. জারা বলেন, অনেকেই এখনো মনে করেন তাদের প্রতীক ‘শাপলা কলি’, অথচ তাদের প্রকৃত প্রতীক ‘ফুটবল’। তিনি শুভাকাঙ্ক্ষীদের এই ভুল ধারণাটি শুধরে দিতে ভুল না করার অনুরোধ করেন।
তাসনিম জারা দৃঢ়তার সঙ্গে বলেন, রাজনীতি বদলাবেই এবং ঢাকা-৯ এর মানুষই সেই পরিবর্তনের পথ দেখাবে।
রিপোর্টারের নাম 

























