আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনী সফরে আসছেন। এদিন সকাল ১০টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত দলের নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। তারা জানায়, সকাল ৮টা থেকেই জনসভার কার্যক্রম শুরু হবে এবং ১০টায় আমিরে জামায়াত তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। এই সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক ভিপি সাদিক কায়েমসহ দলের অন্যান্য বিশিষ্ট নেতারাও উপস্থিত থেকে বক্তব্য দেবেন বলে জানা গেছে।
নির্বাচনী সমাবেশ শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিগত সময়ে টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন করবেন। এছাড়াও তিনি নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় একটি পথসভায় অংশ নেবেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের জেলা আমির মুফতি আবদুল হান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মাস্টার শামছুদ্দিন, ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রমুখ।
রিপোর্টারের নাম 

























