আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি আশরাফ আলীর মনোনয়ন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ধামরাই পৌর শহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। এছাড়াও কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. নুরুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমীর আলী, মাওলানা ফিরোজ আহমেদ, খেলাফত মজলিসের ঢাকা মহানগর (উত্তর)-এর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি রায়হান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল করিমের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশব্যাপী ঘটে চলা এমন অন্যায়-অত্যাচার বন্ধ করতে হলে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। তারা আরও বলেন, একটি ফ্যাসিবাদী শাসনকে বিতাড়িত করে অন্য কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।
মতবিনিময় সভায় ঢাকা-২০ ধামরাই আসনের প্রার্থী মুফতি আশরাফ আলী তাঁর বক্তব্যে বলেন, যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তবে এই আসনে গুম, খুন, অবিচার ও অত্যাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি দৃঢ়ভাবে অঙ্গীকার করেন যে, ধামরাইকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শিক আসনে পরিণত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
রিপোর্টারের নাম 

























