শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেখতে চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা দেরিতে এসে চেয়ারে বসা নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, এই হামলায় ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি শাহাদাতবরণ করেন। তার শাহাদাতবরণে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করেন।
জামায়াতের আমির তার পোস্টে আরও লেখেন, ‘এ ব্যাপারে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।’ তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দেন যে, কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না। একইসাথে, গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
রিপোর্টারের নাম 























