পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এই সহিংসতায় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছাত্রশিবিরের একটি মিছিল কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালীন কলেজ গেটের সামনে অবস্থিত ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান দাবি করেন, তারা প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে কলেজে যাচ্ছিলেন। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষের সূচনা করে। অন্যদিকে, ছাত্রদলের কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করেন, বহিরাগতদের সাথে নিয়ে শিবির কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে পরিকল্পিত হামলা চালিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদূর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















