বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চলে তিন দিনব্যাপী নির্বাচনি প্রচার অভিযান শুরু করছেন। সফরের প্রথম দিনে তিনি রাজশাহী ও নওগাঁর একাধিক জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন।
দলীয় সূত্র অনুযায়ী, আজ দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত একটি বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। রাজশাহীর কর্মসূচি শেষ করে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত দুটি পৃথক নির্বাচনি সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
তিন দিনের এই ঠাসা কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ জানুয়ারি বিকেলে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে যাবেন। সেখানে তিনি ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন। এরপর রংপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। সফরের শেষ দিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্ক এলাকায় এবং বিকেলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস সংলগ্ন এলাকায় আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি তার নির্বাচনি সফর সমাপ্ত করবেন।
সফরকালীন সময়ে বিএনপি চেয়ারম্যান দুই রাত বগুড়ার ‘হোটেল নাজে’ অবস্থান করবেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্রগুলো।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে বড় ধরনের নির্বাচনি শোডাউন ও জনসভা করেন তিনি। দেশব্যাপী চলমান এই প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি এ পর্যন্ত মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেছেন। উত্তরাঞ্চলীয় এই সফরের মাধ্যমে দলটির নির্বাচনি প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























