পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনের মাঠে কেবল কথার ফুলঝুরি বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিগত সরকারগুলো প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটায়নি। তাই অতিকথন বর্জন করে বিজয়ী হওয়ার পর কাজের মাধ্যমেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।
বুধবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন ভোরেই কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, অতীতে মরা মানুষের ভোট কিংবা জাল ভোটের যে সংস্কৃতি ছিল, তা এবার আর চলবে না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা পুনরায় সূচিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবেন।
বিগত সরকারের সমালোচনা করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংসদকে অপবিত্র করেছে। যোগ্যতার তোয়াক্কা না করে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে তারা পবিত্র সংসদকে গানের আসরে পরিণত করেছিল, যা অত্যন্ত লজ্জাজনক। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে পাঁচটি ভিন্ন ভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, এবারের নির্বাচন অত্যন্ত কারিগরি ও চ্যালেঞ্জিং। আগে যারা হামলা, সংঘর্ষ ও পেশিশক্তির রাজনীতি করত, তারা এখন মাঠ ছেড়ে পালিয়েছে। ফলে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া জরুরি।
নির্বাচন পরিচালনা কমিটির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান তারেক আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট মো. আনিসুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 























