সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ বৈঠকে ওমান সরকার বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ওমান।
মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদির মধ্যে এই চুক্তি হয়।
বৈঠকে, ওমানে বসবাসরত অনিয়মিত ও কাগজপত্রবিহীন বাংলাদেশি কর্মীদের বিনা জরিমানায় বৈধকরণের জন্য ওমান সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন ড. আসিফ নজরুল। একই সঙ্গে, তিনি ওমানের শ্রমবাজারে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের মতো দক্ষ বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণের সুযোগ তৈরির জন্য ওমান সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়াও, অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য বর্তমানে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানান তিনি।
ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদি জানান যে, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও নথিহীন প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।
আলোচনায় ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে ওয়াকিবহাল করার জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আয়োজনের প্রস্তাবও দেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























