বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা ছাড়াই কেবল ধর্মের আড়ালে রাজনীতি করছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দেশের জনগণ তাদের মালিকানা ফিরে পাবে এবং আগামীতে ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসবে না।
সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যারা দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারে না, তারাই ধর্মের দোহাই দিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচন দেশের মানুষের ভাগ্যবদলের নির্বাচন। তিনি দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’, চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে। তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য একটি যুগোপযোগী সংবিধান প্রণয়ন করা হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।
রিপোর্টারের নাম 























