স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন জমা পড়েনি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্ত্রী ও সন্তানের মৃত্যুর কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করা হয়নি। তবে, সাদ্দামের পরিবারের মৌখিক ইচ্ছানুযায়ী, মানবিক দিক বিবেচনা করে যশোর জেলগেটে তাকে তার স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারোল মুক্তির জন্য জেলা প্রশাসক বা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, গণমাধ্যমগুলো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 






















