এসবিএসি ব্যাংক পিএলসি-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ সম্প্রতি গাজীপুরের সারাহ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ জানুয়ারি আয়োজিত এই সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং ২০২৬ সালের জন্য নতুন কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা ছিল সম্মেলনের মূল ফোকাস।
সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসবিএসি ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং অভ্যন্তরীণ নানা প্রতিকূলতা সত্ত্বেও এসবিএসি ব্যাংক তার আর্থিক সূচকগুলো স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। ব্যাংক কোনো ধরনের তারল্য সংকটে পড়েনি। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা, নিয়মাচার কঠোরভাবে পরিপালন করা এবং গ্রাহকদের আমানত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে বিশেষ গুরুত্ব আরোপের কথাও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর। তিনি জানান, এসবিএসি ব্যাংক বর্তমানে সারা দেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা এবং ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া বিভিন্ন ব্যবসায়িক অধিবেশন পরিচালনা করেন। এছাড়া, ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, শীর্ষ নির্বাহীগণ, বিভাগীয় প্রধানগণ, শাখা ব্যবস্থাপকগণ এবং উপশাখার ইনচার্জগণ এই সম্মেলনে অংশ নেন।
রিপোর্টারের নাম 






















