চাঁদপুর-২ আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজির সমর্থনে মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আয়োজিত এই সভায় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জোটের প্রার্থীকে সাদরে গ্রহণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. বিল্লাল হোসেন মিয়াজি বলেন, জোটগত ঐক্যই ভবিষ্যতের রাজনীতির প্রধান চালিকাশক্তি। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সাথে ‘ছাতা’ প্রতীকের সমন্বয় ঘটেছে, যা বিজয়ের পথে এগিয়ে যাবে।
মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারী বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন। মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল বাসার দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহাবুবুর রহমান এবং উপজেলার ১৪টি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজিকে সমর্থন জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই বৈঠকের মাধ্যমে চাঁদপুর-২ আসনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
রিপোর্টারের নাম 
























