নোয়াখালীর সেনবাগে দাম্পত্য জীবনের শুরুতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের আনন্দ শেষ না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি তার বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।
স্থানীয়রা জানান, বুধবার রাতে আল আমিন মোটরসাইকেলে সোনাইমুড়ী থেকে বাড়ি ফিরছিলেন। কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহত আল আমিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 























