কিশোরগঞ্জে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে জনমত তৈরিতে মসজিদের খুতবায় বয়ান রাখার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আসলাম মোল্লা। তিনি বলেছেন, ‘জুলুমের বিরুদ্ধে আন্দোলনের পর আমরা একটি ঐতিহাসিক সনদের কথা বলছি। এই সনদকে বৈধতা দেওয়ার জন্যই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে।’
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে আয়োজিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের পক্ষ থেকে একটি সংস্কার প্রস্তাবনা আনা হয়েছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উপনীত হতে চাই, যা সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এই লক্ষ্যেই জুলাই মাসে আন্দোলন সংঘটিত হয়েছিল।’
জেলা প্রশাসক আরও জানান, ‘তফসিলের ৩০টি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে ঐকমত্য পোষণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে এই গণভোট অনুষ্ঠিত হবে।’
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইমাম সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাসিম খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। জেলার প্রায় সাত শতাধিক ইমাম সম্মেলনে অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 




















