শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) এবং মো. নুরুল আমিন (৩৪)। তাদের সকলের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। রাত সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটককৃতদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 




















