ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই জন। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ট্রাক চালক রাশেদ শেখ (২৮) এবং তার সহকারী নবীন শেখ (২২)। তাদের গ্রামের বাড়ি জেলার সদর কোতোয়ালি থানার কমলাপুর ধলার মোড় এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, নওপাড়া এলাকায় ফরিদপুর অভিমুখে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস এবং ভাঙ্গার দিকে ইট বহনকারী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অভিযানে ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও সহকারীর মরদেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার জেরে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম।
দুর্ঘটনায় আহত ট্রাকের অপর এক হেলপার রহমান জানান, তারা ভোরবেলা ট্রাকটিতে ইট লোড করেছিলেন। মূল চালক আসতে দেরি হওয়ায়, তিনি (হেলপার) ট্রাকটি চালিয়ে ইট আনলোড করার জন্য ভাঙ্গার দিকে যাচ্ছিলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 





















