আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য চার হাজার ৮৩৮ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নিবন্ধিত ভোটারদের মধ্যে চার হাজার ৯৮ জন পুরুষ এবং সাত শত ৪০ জন নারী রয়েছেন। এদের মধ্যে চার হাজার ৮০৯ জন ভোটারের আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে, এবং আরও ২৯ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট প্রতীকের ব্যালট পেপার এবং গণভোটের জন্য আলাদা গোলাপি রঙের ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে ব্যালট পেপার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ফেরত পাঠাবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট গণনা করা হবে।
যুক্তরাজ্যপ্রবাসী ভোটার শাহীন আলম এই সুযোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছি। প্রবাসে থেকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ। পোস্টাল ব্যালটের মাধ্যমে এই প্রথম ভোট দিতে যাচ্ছি—এটি আমার জন্য আনন্দের ও গর্বের।”
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী এবং কর্মক্ষেত্রে নিজ এলাকার বাইরে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 





















