জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো মেহেরপুর সফরে আসছেন। আগামী ২৬ জানুয়ারি মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
আমিরের আগমনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। জেলা শাখার নেতারা মাঠ পরিদর্শন করেছেন এবং নির্বাচনী প্রচারণায় জোর দিচ্ছেন।
মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান, সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা শহরজুড়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেছেন।
জামায়াতের শীর্ষ এই নেতার সফরকে ঘিরে মেহেরপুরের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। কৃষিপ্রধান এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, এবং অবকাঠামোগত উন্নয়নের মতো বিভিন্ন সমস্যা নিরসনে ডা. শফিকুর রহমানের আগমণ নতুন আশার সঞ্চার করবে বলে স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে তার এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















