কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের আহ্বানে সাড়া দিয়ে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর (অব.) আখতারুজ্জামানের নিজ বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে নবাগতরা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে অন্তর্ভুক্ত হন। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষের এই যোগদান স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন সাবেক এই সংসদ সদস্য। এরপর থেকেই তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় সক্রিয় রয়েছেন। পাশাপাশি তিনি নিয়মিতভাবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার এক বিশাল কর্মী-সমর্থক বহর নিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন জামায়াতে যোগদানকারীদের মধ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নবাগতদের মধ্যে দুইজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিও রয়েছেন।
যোগদান অনুষ্ঠানে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “একটি আদর্শভিত্তিক ও ইনসাফ কায়েমের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে অঙ্গীকার নিয়ে এই কাফেলা এগিয়ে যাচ্ছে, তাতে শরিক হতেই আমি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি।” তার এই আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া এই সদস্য সংগ্রহ ও যোগদান কর্মসূচি শনিবারও অব্যাহত থাকবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেজর (অব.) আখতারুজ্জামানের হাত ধরে এই বড় ধরনের যোগদান কটিয়াদী এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।
রিপোর্টারের নাম 





















