কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির এক নির্বাচনি জনসভায় চেয়ারে বসা নিয়ে দলের স্থানীয় নেতাকর্মী ও যুবদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের সামনে সংঘটিত এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভা চলছিল। অসুস্থতার কারণে প্রার্থী নিজে জনসভায় উপস্থিত না থাকলেও, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে যোগ দিয়েছিলেন।
জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে এসে পৌঁছায়। এ সময় জনসভায় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। মাহবুব আলম কিসমতের দাবি, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া পাল্টা অভিযোগ করেছেন যে, যুবদল নেতা কিসমত ও তার লোকজনই তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনিসহ ৮-১০ জন আহত হয়েছেন বলে দাবি করেন সাদেক মিয়া।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















