কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি আবারও ‘ফ্যাসিবাদের পদধ্বনি’ শুনতে পাচ্ছেন। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন, তাদের বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। শুক্রবার বিকেলে এই জনসভা অনুষ্ঠিত হয়।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত পোষণের স্বাধীনতার ওপরও জোর দেন।
একই জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ‘ফ্যামিলি কার্ড’কে ভুয়া আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যারা কার্ড নিয়ে যাবে, তাদের আটকানো হবে। এটি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ডা. তাহের আরও অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়, যা এ দেশের চার কোটি যুবক কখনোই হতে দেবে না।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে উপস্থিত জনতাকে সতর্ক হয়ে অতীত থেকে শিক্ষাগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যারা শয়তানি করবে, তাদের না মেরে ধরে পুলিশের হাতে তুলে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।
রিপোর্টারের নাম 






















