ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫০ জন নিয়মিত, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী এবার আকিজ-মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে শিক্ষাবৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি দ্বিতীয়বারের মতো এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে ৫,০০০ টাকা করে এক বছরের জন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পিএইচডি। আকিজ-মনোয়ারা ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় ট্রাস্টি জনাবা মনোয়ারা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পিএইচডি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং আকিজ-মনোয়ারা ট্রাস্টের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকিজ-মনোয়ারা ট্রাস্ট দীর্ঘকাল ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ট্রাস্টের ধারাবাহিক সামাজিক উন্নয়ন কার্যক্রমেরই একটি অংশ।
আকিজ-মনোয়ারা ট্রাস্টের মাননীয় ট্রাস্টি মিসেস মনোয়ারা বেগম তাঁর বক্তব্যে বলেন যে, এই শিক্ষাবৃত্তি কর্মসূচি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। তিনি আরও জানান যে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতেও শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।
রিপোর্টারের নাম 


















