কক্সবাজারের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের তীরে অবস্থিত হোটেল সি প্যালেসে সম্প্রতি অনুষ্ঠিত হলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন। ‘সাহসী লড়াইয়ে, লক্ষ্য ছাড়িয়ে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ১,৬০০ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মেলনের শুভ উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়া এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বিগত বছরটি সকলের জন্য চ্যালেঞ্জিং হলেও সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে সাফল্যের সাথে তা অতিক্রম করা সম্ভব হয়েছে। তিনি নতুন বছরেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এবারের সম্মেলনে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের সুপরিচিত ব্র্যান্ডগুলোর আওতায় বেশ কিছু নতুন পণ্য বাজারে উন্মোচন করেছে। ফ্ল্যাগশিপ ব্র্যান্ড মেরিলের অধীনে মিল্ক সোপ বার ও ভিটামিন-সি সোপ বারের পর নতুন সংযোজন মেরিল সিরাম সোপ বার। একই সাথে, মেরিল ময়েশ্চারাইজিং শাওয়ার জেলের একটি নতুন সম্ভারও বাজারে এসেছে।
স্কয়ারের ওরাল কেয়ার ব্র্যান্ড হোয়াইট প্লাস দাঁত সাদা করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে বাজারে এনেছে ১০% বেকিং সোডা টুথপেস্ট। স্বাস্থ্যসচেতন ভোক্তাদের কথা মাথায় রেখে, বাজারের চিনি-বহুল ইনস্ট্যান্ট ড্রিংকের বিকল্প হিসেবে স্কয়ার তাদের জিরোক্যাল ব্র্যান্ডের অধীনে পাউডার ফর্মের ইনস্ট্যান্ট ড্রিংক বাজারে এনেছে।
আধুনিক ত্বকচর্চার চাহিদা পূরণে, ট্রেন্ডিং ব্র্যান্ড রিভাইভ সাশ্রয়ী মূল্যে লঞ্চ করেছে রিভাইভ গ্লাস স্কিন সিরাম রেঞ্জ। স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া, যা সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক উপাদানে তৈরি, তার প্রোডাক্ট রেঞ্জে যোগ করেছে নতুন সব স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রিয়েল পার্সিয়ান স্যাফরন ও দামাস্কাস রোজ দিয়ে তৈরি টোনার, ফেস জেল ও ফেসওয়াশ। রাসায়নিক-বহুল হেয়ার সিরামের বিকল্প হিসেবে, দীর্ঘমেয়াদি উপকারের কথা বিবেচনা করে মায়া বাজারে এনেছে হারবাল অ্যাকটিভ সমৃদ্ধ একটি ইনোভেটিভ অল-ন্যাচারাল হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরাম।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন মেরিল পেট্রোলিয়াম জেলি-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তিনি তাঁর বক্তব্যে সাহস, অধ্যবসায় ও লক্ষ্যভিত্তিক মানসিকতার গুরুত্ব তুলে ধরে সেলস টিমের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেন।
দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের জন্য বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বছরের সেরা বিক্রয়কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষভাগে নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 


















