দলমত নির্বিশেষে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অত্যন্ত জরুরি, কারণ এই গণঅভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল।
শুক্রবার রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশিদ চৌধুরী এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগী হয়েছে এবং এই প্রক্রিয়ায় ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী, কেবল তারাই গণভোটের বিপক্ষে দাঁড়াতে পারে। ফ্যাসিবাদকে আর ফিরে আসার কোনো সুযোগ দেওয়া হবে না, তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
এর আগে, একই দিন বিকেলে উপদেষ্টা আদিলুর রহমান খান রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহিদ মো. আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
দুপুরের পর, উপদেষ্টা আদিলুর রহমান খান রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোটের প্রচারণার বিষয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: শওকত রশিদ চৌধুরী, রংপুর পুলিশ কমিশনার মো: মজিদ আলী, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।
রিপোর্টারের নাম 


















