প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, জনগণ বুঝে গেছে যে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে দেশে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। এর ফলে নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে।
এ সময় তিনি সম্প্রতি মাজারে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। প্রেস সচিব বলেন, বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ এবং এই ভূমিতে ইসলামের বিস্তার ঘটেছে ইসলামিক চিন্তাবিদ ও পীর-আউলিয়াদের মাধ্যমে। মাজারে আক্রমণকে তিনি অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য কাজ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, কারো কোনো স্থান পছন্দ না হলে সেখানে না গেলেই হয়, কিন্তু আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মানুষ তার পছন্দ ও শান্তির খোঁজে যেকোনো স্থানে যেতে পারে। মাজার আমাদের বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
মাজার প্রাঙ্গণ পরিদর্শনের পর প্রেস সচিব বলেন, বাবা বুচাই চান পাগলা এই অঞ্চলের একজন প্রখ্যাত সাধক ছিলেন। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে একটি বাউল গানের আসর বসে, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এই সম্প্রীতি যেন অটুট থাকে, তা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব।
রিপোর্টারের নাম 


















