গাজায় তথাকথিত ‘স্ট্যাবিলাইজেশন ফোর্স’ মোতায়েনের প্রস্তাবের বিরুদ্ধে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সুস্পষ্ট বিরোধিতা আসেনি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি মনে করেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত এবং ভারতবিরোধী অবস্থান প্রকাশ্যে দেখা গেলেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের সক্রিয় ভূমিকা লক্ষণীয় নয়।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশব্যাপী গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে আয়োজক সংগঠন গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে কবি ও চলচ্চিত্রকার মোহাম্মদ রোমেল এবং রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস বক্তব্য রাখেন।
আলোচনা সভায় ফরহাদ মজহার ‘জুলাই বিপ্লব’, গণতান্ত্রিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের আচরণ নিয়েও সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট সরকার গঠনের মাধ্যমে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব সম্পন্ন হয়েছে। তার মতে, সেদিনই জুলাইয়ের বিপ্লব ‘বেহাত’ ও ‘ছিনতাই’ হয়ে গেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন তাঁদের বিরোধিতার মুখে পড়বে। তাঁদের মূল দাবি হলো, প্রথমে রাষ্ট্র পুনর্গঠন এবং লুটপাটতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস বর্তমান নির্বাচনের মাধ্যমে মাফিয়া ও লুটপাটতন্ত্রের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
রিপোর্টারের নাম 

























