আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিত গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে (৪২) অতর্কিত গুলিবর্ষণের ঘটনাটি গভীর উদ্বেগজনক। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের জনগণ যখন স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল, ঠিক সেই মুহূর্তে কিছু দুষ্কৃতকারী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নানা ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। হাসান মোল্লার ওপর যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তারা আরও বড় ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় সকল শ্রেণি-পেশা ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমাবনতি ঘটছে, তার উন্নতি ঘটাতে হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারকে অবশ্যই দেশে একটি ভীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’
বিএনপি মহাসচিব হাসান মোল্লাসহ দলের অন্যান্য নেতাকর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে, হাসান মোল্লাসহ আহত সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রিপোর্টারের নাম 






















