নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরাঞ্চলে চারটি জেলায় সফর করছেন। শুক্রবার তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর—এই চার জেলার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে বেলা ১১টায় জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি তাঁর বক্তব্য উপস্থাপন করবেন। জুমার নামাজের পর দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যা ৭টায় রংপুরে আয়োজিত জনসভায়ও তিনি অংশগ্রহণ করবেন।
শনিবার তাঁর সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে তিনি রংপুরে ‘জুলাই বিপ্লবের প্রথম শহীদ’ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করবেন। এরপর সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী, বেলা ১২টায় বগুড়া শহর, বিকেল আড়াইটায় বগুড়ার শেরপুর, বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর, বিকেল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। রবিবার তিনি ঢাকা মহানগরীতে বিভিন্ন নির্বাচনী আসনে গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।
উত্তরাঞ্চল সফরের প্রাক্কালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বাইরে এই সফর জনগণের নাড়ির সন্ধান ও তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রয়াস। তিনি বলেন, জনগণের সমস্যাগুলো অনুধাবন করে তাঁদের আশ্বস্ত করতে চান এবং সুযোগ পেলে দেশের সম্পদ ব্যবহার করে ন্যায়ভিত্তিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার করেন।
তিনি যুবসমাজকে জাতীয় নির্বাচনে গৌরবজনক ও স্মরণীয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একা নয়, বরং সকল দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চায়। তাদের স্লোগান—‘চলে একসাথে গড়ি বাংলাদেশ’।
রিপোর্টারের নাম 






















