দেশের বিশিষ্ট নাগরিক সমাজের কর্মী এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে এই প্রজ্ঞাবান রাষ্ট্রকর্মী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্রসেবায় তাঁর নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। হাফিজ উদ্দিন খান কর্মজীবনে যে সততা, নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শন করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবে মরহুমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে আরও বলেন, “ব্যক্তিগত জীবনেও তিনি আমার একজন সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনের নানা সময়ে তাঁর প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা আমাকে সমৃদ্ধ করেছে। তাঁর মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।”
প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এম হাফিজ উদ্দিন খান ডাক, টেলিযোগাযোগ ও অন্যান্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, ২০০১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
রিপোর্টারের নাম 
















