কুমিল্লার নির্বাচনী রাজনীতির সমীকরণে নতুন মাত্রা যোগ করে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন বিএনপির তিন নেতা। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ আসনে বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস এম এ মতিন খাঁন। তাকে ‘তালা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পেয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম। এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।
এছাড়া কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। এই আসনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হলেন দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১১টি আসনে মোট ৮০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে ৩ জনই বিএনপির বিদ্রোহী নেতা।
প্রতীক বরাদ্দ শেষে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লার ১১টি আসনে ২৫টি রাজনৈতিক দলের ৭৬ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে প্রশাসন তৎপর রয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আসা এক প্রার্থীর বিষয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























