বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সাতজন শীর্ষ নেতা এবং গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীর বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পৃথক চিঠির মাধ্যমে এই নির্দেশ প্রদান করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দল ও প্রার্থীদের পক্ষ থেকে নিরাপত্তার আবেদন পাওয়ার পর কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে। আবেদনের প্রেক্ষিতে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া পর্যন্ত এসব প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।
নিরাপত্তা নির্দেশনার তালিকায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে আমিরের পাশাপাশি রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান। এছাড়া গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করতেও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ সংবাদমাধ্যমকে জানান, জামায়াতের পক্ষ থেকে করা আবেদনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি দলটির পক্ষ থেকে এই সাত নেতার নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছিল। পরদিনই ইসি সচিবালয় সেই আবেদনে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে চিঠি দেয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের অন্যতম লক্ষ্য। এরই অংশ হিসেবে প্রতিটি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপ নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 





















