আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র সশরীরে প্রত্যাহার করে নেন তিনি। এর মাধ্যমে ওই আসনে জামায়াতের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর নির্বাচনী মাঠে থাকছেন না।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় গত শনিবার এক সভায় প্রিন্সিপাল আশরাফুল হক ওই প্রার্থীর পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে সেই ঘোষণার আনুষ্ঠানিক বাস্তবায়ন ঘটল।
নির্বাচনী মাঠের নতুন এই সমীকরণে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর পক্ষে জামায়াতের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে দলটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কৌশলগত অবস্থান নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করছে।
রিপোর্টারের নাম 





















