শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার সন্ধ্যায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার সারা দেশের জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। এরপর ২২ জানুয়ারি দেশের প্রতিটি উপজেলায় এবং শেষ দিন ২৩ জানুয়ারি ঢাকা মহানগরে বড় ধরনের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও সম্প্রতি তা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামার এই ঘোষণা দিল ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তারা এই কর্মসূচি পালন করবে।
রিপোর্টারের নাম 
























