বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন এ পর্যন্ত তাদের দায়িত্ব পালনে যোগ্যতার পরিচয় দিয়েছে। কমিশনের কাছে যেসব বিষয়ে দলের আপত্তি ছিল, তা ইতোমধ্যে তুলে ধরা হয়েছে এবং আশা করা যায়, ইসি দক্ষতার সঙ্গে আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
কিছু প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকা অস্বাভাবিক নয়, এটি নতুন কোনো ঘটনা নয়।
রিপোর্টারের নাম 

























