রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের প্রায় দেড় মাস পর পাঞ্জাতন সরকার (৮০) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত ১ ডিসেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত কঙ্কালের পাশে পাওয়া লাঠি, লুঙ্গি, সোয়েটার ও পাঞ্জাবি দেখে প্রাথমিক শনাক্তকরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার দুপুরে। বাঘা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনের একটি বাঁশঝাড়ে জুতা খুঁজতে গিয়ে এক প্রতিবেশী পচা গন্ধ পান। পরে গর্তের মধ্যে কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়দের এবং পরে পুলিশকে খবর দেন।
নিখোঁজ পাঞ্জাতন সরকার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে হাফিজুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান, যার জুতা হারিয়ে গিয়েছিল, তিনি জানান, বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে জুতা খুঁজতে গিয়ে নাকে তীব্র পচা গন্ধ আসে। এগিয়ে গিয়ে তিনি একটি গর্তে মানুষের কঙ্কাল দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এবং পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে। বৃদ্ধের ব্যবহৃত লাঠি, লুঙ্গি, সোয়েটার ও পাঞ্জাবি দেখে তার পরিবারের সদস্যরা পাঞ্জাতন সরকারকে শনাক্ত করেন।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধের ছেলে হাফিজুল ইসলাম বলেন, “আমার বাবা লাঠির উপর ভর করে চলাফেরা করতেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।” তিনি আরও জানান, প্রতিবেশীর জুতা খুঁজতে গিয়েই বাবার কঙ্কালটি পাওয়া যায়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, উদ্ধার হওয়া শুকিয়ে যাওয়া কঙ্কালটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাঞ্জাতন সরকারের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রায় দেড় মাস আগে তার ছেলে থানায় একটি জিডি দায়ের করেছিলেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 
























