চট্টগ্রামের চাঞ্চল্যকর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। এই মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত এই আদেশ প্রদান করেন। অভিযোগপত্রে উল্লেখিত ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন।
মামলার আসামিদের সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম আদালতে আনা হয়।
আলোচিত এই হত্যা মামলাটি গত ৭ জানুয়ারি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। এর আগে মহানগর দায়রা জজ মামলাটি এই আদালতে প্রেরণ করেন।
গত বছর, ২৬ নভেম্বর, রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুন হন। এই ঘটনার তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং আজ আদালত বিচার শুরুর নির্দেশ দিলেন।
রিপোর্টারের নাম 
























