আসন্ন জাতীয় নির্বাচনকে নিছক রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। রোববার রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় আবদুস সালাম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারব।’ তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি রাজনৈতিক দলের জয়-পরাজয়ের বিষয় নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনা এবং আগামী দিনের পথরেখা নির্ধারণের একটি সুযোগ। এ সময় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম আরও জোরদার করতে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, নুর আফরোজ জ্যোতি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 

























