আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ‘হাতপাখা’ প্রতীকের কোনো প্রার্থী নেই, সেসব এলাকায় ফ্যাসিবাদবিরোধী এবং সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারির পর সংশ্লিষ্ট দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
রোববার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আদর্শিক নানা সমীকরণ বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। যা ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে। তবে বাকি ৩২টি আসনের ক্ষেত্রে দলের অবস্থান ভিন্ন। ওই আসনগুলোতে হাতপাখা প্রতীকের কোনো প্রার্থী না থাকায় জনকল্যাণে নিবেদিত, সৎ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী প্রার্থীদের সমর্থন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মাওলানা গাজী আতাউর রহমান জানান, বর্তমানে বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যালোচনা চলছে। নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হওয়ার পর অর্থাৎ ২০ জানুয়ারির পর আলোচনার মাধ্যমে ওই ৩২ আসনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও উল্লেখ করেন, আপাতত বিষয়টি নিয়ে তারা তাড়াহুড়ো করছেন না; সময় ও পরিস্থিতি বিবেচনা করে যথাসময়েই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রিপোর্টারের নাম 
























