শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের দাবিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রবিবার দুপুর ২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, নির্ধারিত ২০ তারিখেই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে’, ‘ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “আমাদের প্রত্যাশা ছিল, ২০ তারিখে একটি উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বললেও, তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। এটি চরম দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার সমালোচনা করে বলেন, “প্রশাসন যথেষ্ট দুর্বলতা দেখিয়েছে, যার ফলস্বরূপ শাকসু আজ এই অবস্থায় এসেছে এবং বারবার বাধার মুখে পড়ছে। আমরা প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। নিজেদেরকে শিক্ষার্থীদের ঘৃণার পাত্রে পরিণত করবেন না।”
মুজাহিদুল ইসলাম আরও বলেন, “অন্যথায় শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমরা আপনাদের অভিভাবক হয়ে যথাসময়ে শাকসু আয়োজনের অনুরোধ করছি। কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 















