বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত করতে একটি সুযোগসন্ধানী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূলে রয়েছে দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং একটি সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তিনি দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে অত্যন্ত সুনিপুণভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জরাজীর্ণ হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
সাবেক এই চিফ হুইপ আরও উল্লেখ করেন, তারেক রহমান তাঁর পূর্বসূরিদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। রাজনৈতিক দূরদর্শিতা থেকে তিনি যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। আর এই ইতিবাচক পরিবর্তনকে রুখে দিতেই এখন নানামুখী চক্রান্ত শুরু হয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক ও বিলকিস ইসলাম। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীবের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 















