কক্সবাজারের রামুতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নে এই বিশেষ অভিযান চালিয়ে নূর মোহাম্মদ কালু চৌকিদার নামে এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামু থানা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল এই যৌথ অভিযান পরিচালনা করে। শনিবার রাত আড়াইটার দিকে ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় নূর মোহাম্মদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার ঘরের ভেতরে থাকা ধানের বস্তার নিপুণ কৌশলে লুকিয়ে রাখা ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি এসব গোলাবারুদ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, আটক নূর মোহাম্মদ এলাকায় একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি অবৈধ অস্ত্র তৈরি ও কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বেও অস্ত্র মামলা, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি গুরুতর অপরাধের মামলা রয়েছে।
রামু থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 






















