আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ জানুয়ারি) তার আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এই রায়ের ফলে রংপুর-১ আসনে জাপার প্রার্থিতা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল।
এর আগে, গত ১ জানুয়ারি দাখিল করা হলফনামায় অনিচ্ছাকৃতভাবে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখ থাকায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, প্রার্থীর হলফনামায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে মনোনয়ন বাতিলের বিধান রয়েছে।
পরবর্তীতে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার মঞ্জুম আলী। আপিল শুনানিতে তিনি তার দাখিলকৃত কাগজ ও ব্যাখ্যা নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করেন। শুনানি শেষে, কমিশন তার ব্যাখ্যা ও উপস্থাপিত নথিপত্র সন্তোষজনক বিবেচনায় নিয়ে আপিল মঞ্জুর করে এবং তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এই রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, “এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। রংপুর-১ আসনবাসীর দোয়া ও সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে নির্বাচিত হব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
রিপোর্টারের নাম 






















