বগুড়ার ধুনটে রাজনৈতিক কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ধুনট উপজেলার এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোটের সপক্ষে প্রচার মিছিল ও গণসংযোগ করছিলেন। বিকেল ৫টার দিকে স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে প্রচারণা বন্ধের দাবি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায়।
হামলায় আহতরা হলেন—জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২)। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে প্রচার কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি এজাহার জমা দেওয়া হয়েছে যেখানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 






















