ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত রূপসা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ ঘটনায় জড়িত সন্দেহে চার কিশোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হয়। আকস্মিক এ হামলায় ট্রেনের একটি জানালার কাচ ভেঙে যায়।
ট্রেনের দায়িত্বরত কর্মীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ট্রেন থামিয়ে স্থানীয় জনতা ও রেলওয়ে কর্মকর্তাদের সহায়তায় অভিযুক্ত চার কিশোরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো সাকিব হোসেন, ফয়সাল আহমেদ, নিকুঞ্জ এবং তানভির হাসান। তারা সবাই কালীগঞ্জ শহরের বাসিন্দা।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে আটককৃতদের খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে।
রিপোর্টারের নাম 























