একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত চারজন কর্মী আহত হয়েছেন। আহতরা স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার পক্ষে লিফলেট বিতরণ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থনে মিনারুল শিকদারসহ প্রায় দশজন কর্মী একটি মাহিন্দ্রাযোগে উলপুরের রাউতখামার গ্রামে লিফলেট বিতরণে যান। তাদের মধ্যে চারজন কর্মী রাস্তায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিলি করছিলেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের প্রচারে বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং তা মারামারিতে গড়ায়।
হামলার শিকার হয়ে কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে হামলাকারীরা সেখানেও ঢুকে তাদের ওপর পুনরায় চড়াও হয় এবং মারধর করে। খবর পেয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে, গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এই ঘটনাকে নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রিপোর্টারের নাম 























